সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম. এনামুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোকবার্তায় জেলা পরিষদের প্রশাসক বলেন, ড. এম. এনামুল হকের মৃত্যুতে দেশ একজন মেধাবী, দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি আইজিপি হিসেবে তাঁর কর্মজীবনের অবদান দেশের পুলিশ প্রশাসনে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান হিসেবে ড. এম. এনামুল হক নিজ কর্মগুণে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীবাসী একজন গুণী ও কৃতী সন্তানকে হারালো। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদানের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, ড. এম. এনামুল হক বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। তাঁর আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। সোমবার বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে ড. এম. এনামুল হকের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মতামত দিন