Views Bangladesh Logo

অনিয়মের অভিযোগে রাবির শিক্ষককে ৫ বছরের নিষেধাজ্ঞাসহ পদাবনতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। তিনি জানান, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে ড. সুজন সেনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

রেজিস্ট্রার বলেন, শাস্তির মেয়াদে ড. সুজন সেন কোনো ইনক্রিমেন্ট পাবেন না। পাঁচ বছর পর তিনি সহকারী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ফিরতে পারবেন। এরপর আরও চার বছর পর নিয়ম অনুযায়ী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ বর্তমান সহযোগী অধ্যাপক পদ ফিরে পেতে তাকে মোট নয় বছর অপেক্ষা করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পছন্দের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়া, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে দীর্ঘদিন ধরে ড. সুজন সেনের বিরুদ্ধে সরব ছিলেন বিভাগের শিক্ষার্থীরা। গত বছরের ২৫ আগস্ট তারা তাকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে ৮ সেপ্টেম্বর উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় সভাপতির কাছে প্রায় ২০০ পৃষ্ঠার লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা। অভিযোগের সঙ্গে বিভিন্ন অনিয়মের পক্ষে প্রমাণও সংযুক্ত করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর জরুরি সভা করে তাকে বিভাগের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগগুলো তদন্তে ১৮ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত শেষে ওই কমিটি ড. সুজন সেনের আচরণকে ‘নৈতিক স্খলন’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দেয়। এরপর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩-এর ৫৫(৩) ধারা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২ এবং ড. সুজন সেনের মনোনীত একজন প্রতিনিধি সদস্য ছিলেন। তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতির পাশাপাশি সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনমিত হলেন ড. সুজন সেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ