Views Bangladesh Logo

এএফসি চ্যাম্পিয়নস লিগ অভিষেকে ৪ গোলে হারল রাজশাহী স্টারস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারল না বাংলাদেশের নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে কলকাতার ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশের দলটি।

ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল রাজশাহী স্টারস। পুরো ম্যাচে গোলমুখে ১০টি শট নেয় তারা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। তবে ইস্ট বেঙ্গলের গোলকিপারকে পরাস্ত করার মতো কার্যকর ফিনিশিং ছিল না রাজশাহীর আক্রমণে। অন্যদিকে কলকাতার দলটি সুযোগ কাজে লাগিয়েছে বেশ দক্ষতার সঙ্গে। রাজশাহীর গোলমুখে ইস্ট বেঙ্গল মোট ১৫টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরু থেকেই রাজশাহীর রক্ষণে চাপ তৈরি করে ইস্ট বেঙ্গল। মাত্র নবম মিনিটেই ঘানাইয়ান ফরোয়ার্ড অলিভিয়া আনোকিয়ের গোলে এগিয়ে যায় কলকাতার দলটি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাওঁ। এরপর ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন অলিভিয়া। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে তহুরা-স্বপ্নাদের রাজশাহী স্টারস।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে রাজশাহী। আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও ইস্ট বেঙ্গলের রক্ষণে বড় কোনো সমস্যা তৈরি করতে পারেনি বাংলাদেশের চ্যাম্পিয়নরা। বরং দ্বিতীয়ার্ধেও কলকাতার দলটি বেশ কয়েকবার রাজশাহীর রক্ষণে চাপ তৈরি করে। শেষ পর্যন্ত ম্যাচের চতুর্থ গোলটি করেন সৌম্যা গুগুলোথ। তাঁর গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ইস্ট বেঙ্গল।

টুর্নামেন্ট শুরুর আগে রাজশাহী স্টারসের কোচ গোলাম রব্বানী ও অধিনায়ক শিউলি আজিম দুজনই বলেছিলেন, ইস্ট বেঙ্গলের বিপক্ষের ম্যাচটিই হবে বড় পরীক্ষা। মাঠের লড়াইয়েও সেই পরীক্ষার কঠিন দিকটি স্পষ্ট হয়েছে।

এবারের আসরটি বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের জন্য ঐতিহাসিক। এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের আগের দুই আসরে বাংলাদেশ থেকে কোনো ক্লাব অংশ নেয়নি। এবার তৃতীয় আসরে নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় খেলছে রাজশাহী স্টারস।

‘এ’ গ্রুপে রাজশাহীর বাকি দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি ও স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি। আগামী ২০ আগস্ট একই লিকাস স্টেডিয়ামে সাবাহ এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী। ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারের পর এখন সেই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে গোলাম রব্বানীর দলের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ