ঈদে রাজশাহীতে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকে পুলিশ মোতায়েন
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের উৎসবকে সামনে রেখে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমজানের শেষের দিকে মুসলমানদের এই বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এলাকা ও আবাসিক এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে র্যাবও সবসময় সতর্ক রয়েছে এবং টহল ও নজরদারি বৃদ্ধি করেছে, যাতে শহরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে পেশাদার চোরচক্র আগে থেকেই পরিকল্পনা করে। তারা দিনের বেলায় এলাকা রেকি করে, কখনো হকার বা ভিক্ষুকের ছদ্মবেশে। ফাঁকা বা অন্ধকার ফ্ল্যাটগুলো চিহ্নিত করে রাতের অপারেশন চালায়।
ঈদকে সামনে রেখে রাজশাহী ছেড়ে গ্রামে যাচ্ছেন হাজারো মানুষ। বাস টার্মিনাল ও রেলস্টেশনে উপচে পড়া ভিড়, কিন্তু আবাসিক এলাকায় এখন প্রায় জনশূন্য। এই সময় ফাঁকা আবাসিক এলাকা চোরচক্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো: গাজিউর রহমান ভিউজ বাংলাদেশকে জানান, শহরের বিভিন্ন স্থানে টহল এবং চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
র্যাব-৫ মিডিয়া সেল জানিয়েছে, সব এলাকায় র্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর কঠোর নজরদারি রাখা হয়েছে। এছাড়া র্যাবের হটলাইন নম্বর সচল রয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে