Views Bangladesh Logo

মার্কিন–ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

মার্কিন–ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর গণকপাড়ায় 'সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী' -এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তাদের দাবি, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে আগ্রাসন চালিয়ে স্বাধীন দেশগুলোর সম্পদ দখল করছে এবং ইরানের মতো দেশে সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে হস্তক্ষেপ করছে। এ সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার অভাবেরও সমালোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, যুদ্ধ কখনো শান্তির সমাধান হতে পারে না। বোমা ও ক্ষেপণাস্ত্র সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, নারী ও শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়ায়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন–ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।


সমাবেশে উপস্থিত ছিলেন হেরিটেজ রাজশাহী জেলা ও সবুজ সংহতি রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকী; রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক ও জুলাই ৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী; রাজশাহী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল কিবরিয়া; বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ; গণসংহতি আন্দোলন রাজশাহী মহানগরের সদস্য সচিব নাদিম সিনা; ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক; এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চার সাধারণ সম্পাদক শামীম পারভেজ প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ