'আওয়ামী লীগ' নেতাকর্মীদের গ্রেপ্তার দেখানো নিয়ে রাজশাহীর ডিআইজির ‘বিশেষ নির্দেশনা’
যেসব রাজনৈতিক (আওয়ামী লীগ) নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে সংগঠিত করতে ‘সক্ষম’, তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপারকে (এসবি) মঙ্গলবার এই ‘বিশেষ’ নির্দেশনা দিয়েছেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
অবশ্য তার নির্দেশনায় সরাসরি আওয়ামী লীগ বা কোনো সহযোগী সংগঠনের নাম নেওয়া হয়নি। বলা হয়েছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ এবং ‘স্থগিত ফ্যাসিস্ট সংগঠন’।
সেখানে বলা হয়েছে, এসব সংগঠনের যেসব নেতৃবৃন্দ এবং কর্মী “জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে।
“আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন-অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।”
এই নির্দেশনার বিষয়ে প্রশ্ন করলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আওয়ামী লীগের বিষয় না। যেসব সংগঠন নিষিদ্ধ, সেসব সংগঠনের ব্যাপারে বলা হয়েছে। যেসব সংগঠনের কার্যক্রম সরকার কর্তৃক নিষিদ্ধ, তাদের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
“যদি কেউ জামিন পায় এবং তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে, এ সংক্রান্ত যে মামলা আছে সেটায় অ্যারেস্ট দেখাতে বলেছি।”
তবে পুলিশের অন্য কোনো রেঞ্জে এরকম নির্দেশনা দেওয়ার খবর পাওয়া যায়নি।
জানতে চাইলে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “এ ধরনের কোনো নির্দেশনা আমি দিইনি। “
একই কথা বলেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। তিনি বলেন, “আমি এ ধরনের কোনো নির্দেশনা দিইনি, দেবও না।”
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে সাবেক আইজিপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, “এটা অস্পষ্ট নির্দেশনা। এ ধরনের নির্দেশনা আইনসম্মত নয়। কোন নিষিদ্ধ সংগঠন তার কার্যক্রম চালালে যথা নিয়মেই আইন প্রয়োগ করার কথা।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে