উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার
প্রথমবারের মতো রাজশাহীতে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। মহানগরীর পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গায় পূর্বনির্ধারিত প্রায় এক একর জমির ওপর নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
রাজশাহী জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসংগ্রামী বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।
রাজশাহীর বাসিন্দা মিলন বলেন, এতদিন সাধারণ মানুষকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী কলেজ প্রাঙ্গণে যেতে হতো, যা সবার জন্য কিছুটা ভোগান্তির কারণ ছিল। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানিয়েছেন, মঙ্গলবার এ বিষয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মহান ভাষা দিবসে শহীদ মিনারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। তবে উদ্বোধন ও প্রচার-প্রচারণার বিষয়টি জেলা প্রশাসন দেখবে।
নগরবাসীর প্রত্যাশা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে এই কেন্দ্রীয় শহীদ মিনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠবে শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার এক গুরুত্বপূর্ণ প্রতীক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে