১৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ‘জেলার টু’
দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার টু’ নিয়ে দর্শকের অপেক্ষা দীর্ঘদিনের। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম কিস্তি ‘জেলার’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর থেকেই সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে আগ্রহ তৈরি হয়। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা জানালেন মুক্তির তারিখ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না ‘জেলার টু’। সিনেমাটির কিছু দৃশ্য নতুন করে শুট করার কারণে মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও আলোচনা চলছিল। তবে এসব গুঞ্জনকে সরাসরি নাকচ করেছে নির্মাতা প্রতিষ্ঠান সান পিকচার্স।
বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সান পিকচার্স জানায়, আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জেলার টু’। অর্থাৎ মুক্তি পিছিয়ে যাওয়ার খবরের কোনো ভিত্তি নেই।
প্রথম কিস্তির সাফল্যের পর স্বাভাবিকভাবেই দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক বেশি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এ টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান রজনীকান্ত। নতুন কিস্তিতেও সেই জনপ্রিয় চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে থাকছেন রম্যা কৃষ্ণন, যিনি বিজয়া পান্ডিয়ানের চরিত্রে অভিনয় করবেন।
‘জেলার টু’র গল্প নিয়ে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে গুঞ্জন রয়েছে, প্রথম সিনেমার যেখানে গল্প শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন কিস্তির কাহিনি। জেলার ও তার ছেলের জীবনে এরপর কী ঘটেছিল, সেই রহস্যই হয়তো এবার পর্দায় উন্মোচিত হবে।
রজনীকান্তের নতুন এই সিনেমায় কী চমক থাকছে, তা জানতে এখন ১৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।
মতামত দিন