ঈদের দিন ঝড়ের শঙ্কা, জামাতের সময় হতে পারে বৃষ্টি
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আনন্দের প্রস্তুতির মধ্যেই বৈরী আবহাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি খারাপ থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে ঈদের নামাজের সময় বৃষ্টির কারণে খোলা স্থানের জামাত বিঘ্নিত হতে পারে।
ঈদের দিনের আবহাওয়া নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের কথা জানিয়ে বলা হয়েছে, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড়-বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ফলে খোলা ঈদগাহ বা মাঠে নামাজ আদায়ে সমস্যা হতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর ও রাজশাহী অতিক্রম করে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। পরে দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। এছাড়া বিকেলের দিকে আবারও দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। এতে ঈদের দিন দীর্ঘ সময় ধরে আবহাওয়া খারাপ থাকার আশঙ্কা রয়েছে।
ঈদের আগের দিনের বিষয়ে বলা হয়েছে, সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর আবহাওয়ার অবনতি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ঈদের পরের দিন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরে উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টি থাকলেও দিনের বেলায় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে