দেশজুড়ে বাড়বে বৃষ্টি, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
আষাঢ়ের শুরুতে কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ ও তীব্র গরম থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
বুধবার (১ জুলাই) এর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সংস্থাটি আরও জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
মতামত দিন