বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ফাইনাল
ত্রিদলীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ইমার্জিং দলের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠেই গড়ায়নি। ফলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
প্রিটোরিয়ায় বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে টসও হয়নি। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর ভেজা মাঠের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে হারিয়েছিল তারা।
পুরস্কার বিতরণীতে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক জাকির হাসান বলেন, ফাইনাল খেলতে দল মুখিয়ে ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব না হওয়ায় হতাশ হয়েছেন তারা।
৫০ ওভারের এই সিরিজে দুই দল ছাড়াও খেলেছে ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকা। আগামী ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৩ আগস্ট।
মতামত দিন