Views Bangladesh Logo

রাজশাহীতে বৃষ্টিতে ধুয়েছে বর্জ্য, ফিরেছে জনজীবনে স্বস্তি

রাজশাহীতে হঠাৎ মুষলধারে হওয়াতে বৃষ্টিতে ধুয়ে গেছে কুরবানির বর্জ্য। স্বস্তি ফিরেছে জনজীবনে। নগরীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

প্রচণ্ড গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া টানা বৃষ্টি বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকে।

টানা এই বর্ষণে একদিকে যেমন নগরবাসী পেয়েছে স্বস্তি, অন্যদিকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও সাময়িক ভোগান্তি। বিশেষ করে ঈদুল আজহার কোরবানির পর নগরীর বিভিন্ন সড়কে পড়ে থাকা পশুর রক্ত ও বর্জ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ায় পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির পানির তোড়ে ড্রেনে মিশে গেছে জমে থাকা ময়লা-আবর্জনা। ফলে দুর্গন্ধ ও অস্বস্তিকর পরিবেশ থেকে কিছুটা মুক্তি পেয়েছে নগরবাসী। তবে ভারী বর্ষণের কারণে নগরীর বেশ কয়েকটি নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। অনেককে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। বিশেষ করে নগরীর নিম্নাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে থাকায় অফিসফেরত মানুষ ও যানবাহনের চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয়দের।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েকদিন আবহাওয়া এমন অব্যাহত থাকতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ