Views Bangladesh Logo

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, বাড়তি আর্দ্রতায় বাড়তে পারে অস্বস্তিকর গরম

রাজধানী ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। দিনের শুরুর দিকে আকাশে মেঘ জমে থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম ও শারীরিক অস্বস্তি বেশি অনুভূত হতে পারে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের সার্বিক তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের আভাস নেই।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এর বিপরীতে সকাল ৬টায় তাপমাত্রা দাঁড়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াসে। ওই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

আজ সন্ধ্যায় ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৩৩ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কসংকেত জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। ফলে নদীবন্দরসমূহকে কোনো সংকেত দেখাতে হবে না।

তবে ঢাকা ও আশপাশের এলাকা শুষ্ক থাকলেও দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া ভিন্ন চিত্র তুলে ধরছে। সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, আজ সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ