Views Bangladesh Logo

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রবিবার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়,আজ সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ