ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে মাঝে মাঝে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ‘ট্রেস’, অর্থাৎ ০.১ মিলিমিটারেরও কম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে