Views Bangladesh Logo

টানা চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবারও দেশের আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকার সম্ভাবনা নেই। এদিন আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রোববারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি রাতের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এদিকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় বাইরে বের হলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রবৃষ্টির সময় খোলা জায়গা, গাছের নিচে কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার বিষয়ে সতর্ক থাকা জরুরি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ