Views Bangladesh Logo

৩৭ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারি বর্ষণ

অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের ৩৭ জেলা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রসহ ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির একাধিক দফা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এক থেকে তিন দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোরেও বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বয়ে যেতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, বায়ুমণ্ডলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় সাময়িকভাবে ভারি বর্ষণ হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে রোববার দুপুরের পর থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলেও বৃষ্টির বিস্তার বাড়তে পারে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ