Views Bangladesh Logo

দেশের ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরমও

 VB  Desk

ভিবি ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে গেলেও দেশে এর প্রভাবে ভ্যাপসা গরম বাড়ছে। একই সঙ্গে দেশের ৮টি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রচারিত আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তাপমাত্রা ও বৃষ্টির তথ্যে দেখা গেছে, রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে, ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃষ্টিপাতের হিসেবে রবিবার সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরে এবং ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৪ মিলিমিটার।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ