আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধবার (৪ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। ওই দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ভারতের ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।
সোমবার (২ নভেম্বর) খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
অন্যদিকে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মতামত দিন