টানা দুইদিন বৃষ্টির পূর্বাভাস
আগামী কয়েকদিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, আপাতত সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নেই।
এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়-এর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলা, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, সম্ভাব্য এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে