ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস
রাজধানী ঢাকায় বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানেও বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
শুক্রবার দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববারও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং স্থানীয় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন