ঢাকাসহ ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকাসহ দেশের সাত জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকার নদী অববাহিকায় অবস্থানরত নৌযানসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ মেঘলা থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর মেঘ-বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বার্তার তথ্যমতে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। একই সময়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মতামত দিন