Views Bangladesh Logo

বৃষ্টি থামছে না, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ওভার কাটা শুরু

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টানা বৃষ্টিতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে অনিশ্চয়তা আরও বেড়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওভার কমানোর প্রক্রিয়াও শুরু করেছেন ম্যাচ কর্মকর্তারা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নির্ধারিত সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই টানা ঝুম বৃষ্টিতে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। দুপুরের পরও বৃষ্টির তীব্রতা কমেনি, ফলে মাঠ পুরোপুরি ঢেকে রাখা হয়েছে কাভারে।

ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ধাপে ধাপে ওভার কেটে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী বিকেল ৪টা ৫০ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব হলে ৫টা ১৬ মিনিট থেকে ৫ ওভারের সংক্ষিপ্ত ম্যাচ আয়োজনের সুযোগ থাকবে।

তবে এখনও আকাশে ঘন কালো মেঘ এবং থেমে থেমে বৃষ্টি হওয়ায় পূর্ণাঙ্গ ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মাঠে উপস্থিত দর্শকরাও বৃষ্টির মধ্যেই অপেক্ষা করছেন খেলা শুরুর আশায়।

খেলোয়াড়রা দুই দলই বর্তমানে ড্রেসিংরুমে অবস্থান করছেন। ক্রিকেটাররা বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল, চট্টগ্রামে ৭০ থেকে ৯০ শতাংশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই সেই পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ম্যাচ কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপরও খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার শঙ্কা রয়েছে।

প্রথম টি–টোয়েন্টিতে জয় পাওয়া বাংলাদেশ আজ সিরিজ নিশ্চিত করার সুযোগ নিয়ে মাঠে নামার কথা ছিল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে মরিয়া নিউজিল্যান্ড। তবে সবকিছুই এখন নির্ভর করছে আবহাওয়ার ওপর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ