নির্বাচন সামনে রেখে রেলওয়েতে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী, ট্রেন ও রেলওয়ে অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শনিবার (৩ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুজ জোহরার সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, নির্বাচন ও গণভোটকে ঘিরে স্বার্থান্বেষী মহল নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা রয়েছে। গণপরিবহন হিসেবে রেলওয়ে ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
সাধারণ মানুষকে কোনো নাশকতা বা ক্ষয়ক্ষতির চেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী, সংশ্লিষ্ট গেটকিপার বা রেলওয়ে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে ফোন করেও ঘটনা জানানো যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে