ঈদযাত্রায় ট্রেনের টিকিট কিনতে সতর্ক থাকুন, সতর্কবার্তা রেল কর্তৃপক্ষের
আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট কেনাকে কেন্দ্র করে প্রতারণা এড়াতে যাত্রীদের সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই সতর্কতা জারি করা হয়। একই দিন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।
বার্তায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অসাধু ব্যক্তি ট্রেনের টিকিট সংগ্রহ করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে যাত্রীদের কাছ থেকে বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিচ্ছে। টাকা হাতিয়ে নেওয়ার পর তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমনকি ব্যবহৃত সিমকার্ডও বন্ধ করে দেয়। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এদের টিকিট সংগ্রহ করে দেওয়ার কোনো সামর্থ্যই নেই — এরা সম্পূর্ণ প্রতারক।
বর্তমানে ঈদযাত্রার শতভাগ টিকিট শুধুমাত্র অনলাইনে, বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত 'রেল সেবা' অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে। এই অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মাধ্যম থেকে টিকিট কিনলে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে। রেলওয়ের নিয়ম অনুযায়ী, একটি নিবন্ধিত আইডি থেকে একক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায় এবং সহযাত্রীদের নামও সিস্টেমে দেওয়া বাধ্যতামূলক।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, যার আইডি দিয়ে টিকিট কেনা হবে, ভ্রমণের সময় সেই ব্যক্তিকে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্রসহ সশরীরে উপস্থিত থাকতে হবে। টিকিটে উল্লিখিত যাত্রী ছাড়া অন্য কেউ ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
কেউ প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক কাউকে টিকিট বিক্রির চেষ্টা করতে দেখলে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অথবা রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তা নেওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করে অভিযোগ জানানোর সুযোগও রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে