রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশন ভাঙচুর, তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এবং এর জেরে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় সার্বিক বিষয় তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম।
তদন্ত কমিটিতে রয়েছেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোসাম্মাৎ হাসিনা খাতুন, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ড. মো. শাকিল আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াজ জহুর তানিম।
রেল সূত্র জানায়, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের অভিযোগ ওঠে। এর জেরে তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা রাতভর রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করেন।
শিক্ষার্থীদের অবরোধের মুখে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। তবে সোমবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সূচি অনুযায়ী যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে বলে জানা গেছে।
এর আগে রোববার রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, রেলওয়ের পক্ষ থেকে সার্বিক বিষয় তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনারকেও আলাদা একটি কমিটি গঠনের অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের এমন দূরত্ব ভালো কিছু বয়ে আনবে না। ঘটনার পর তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, প্রতি মাসে অন্তত একবার শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসবেন এবং তাদের সমস্যাগুলো জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
মতামত দিন