১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেলপথ সংস্কারের পর রেল চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মনতলা স্টেশনের স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম।
জানা যায়, চট্টগ্রাম থেকে জ্বালানি তেলভর্তি সিলেটগামী একটি মালবাহী ট্রেন গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে চারটি বগি লাইনের পাশে উল্টে পড়ে এবং একটি বগি পাশের ডোবায় পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে মধ্যরাতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনার পর পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করেছে। একটি বগি সেতুর নিচে পানিতে পড়ে যাওয়ায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলোতে ডিজেল ছিল। প্রতিটি বগিতে প্রায় ৩৯ হাজার লিটার করে তেল ছিল। এর মধ্যে দুটি বগি থেকে প্রায় ৩০ শতাংশ এবং অন্য বগিগুলো থেকে ৫ থেকে ১০ শতাংশ তেল নষ্ট হয়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে