Views Bangladesh Logo

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

কেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের এফডিসি ক্রসিং এলাকায় রেল লাইন অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এর ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবরোধের কারণে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও আন্দোলনকারীরা সরে যাওয়ার পর আবারও ট্রেন চলাচল শুরু হয়।

অবরোধ করা শ্রমিকদের দাবি, গত পাঁচ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া তাদের চাকরি স্থায়ী করার দাবিতে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনার পরও কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বাধ্য হয়েই তারা রেল অবরোধ কর্মসূচি পালন করেন।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে যে, আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। সেই আশ্বাসে অবরোধ তুলে নিলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন পরিশোধ না হলে ২২ ডিসেম্বর থেকে আবারও আন্দোলনে নামবেন তারা।

এ ব্যাপারে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, ‘তাদের যেখান থেকে বেতন দেয়া হয়, সেই বরাদ্দ না থাকার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। আগামী দুই দিনের মধ্যে তাদের বেতন হয়ে যাবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ