চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পড়ে থাকা পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) মাঝের ছয়টি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনটির হুক ছিঁড়ে যাওয়ায় পেছনের ছয়টি বগি ইঞ্জিন থেকে আলাদা হয়ে বনের ভেতরে পড়ে থাকে। পরে ইঞ্জিনসহ ট্রেনের বাকি অংশ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের মাঝখানের ছয়টি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পেছনের ছয়টি বগি আলাদা হয়ে লাউয়াছড়া বনের মধ্যে পড়ে থাকে।
পরে বিকল্প একটি ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধারের কাজ শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বগিগুলো উদ্ধার করা হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
মতামত দিন