৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক
মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে ভিড় দেখা যায়। বিশেষ করে সিলেটগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তিতে পড়েন।
শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের একটি বগি উদ্ধার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে