রাহুলের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে টালিউড, শুটিং ফ্লোরে ঝুলছে তালা
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় থমকে গেছে টালিগঞ্জ। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
সকালে স্টুডিওপাড়ায় গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রতিদিন ভোর থেকে যেখানে শুটিংয়ের ব্যস্ততা থাকে, সেখানে সব ফ্লোরে ঝুলছে তালা। লাইট-ক্যামেরার ঝলক নেই, নেই কোনো শুটিং কার্যক্রম— পুরো এলাকা যেন শোকস্তব্ধ।
এই কর্মসূচিতে অংশ নিতে টেকনিশিয়ান্স স্টুডিওতে হাজির হন শতশত তারকা। উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ, দেব চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার ও সৌমিতৃষা কুণ্ডুসহ আরও অনেকে।
শিল্পীরা বলছেন, রাহুলের মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে এবং এটি ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলেও তারা মনে করছেন। প্রযোজক-পরিচালক, ফেডারেশন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং রাহুল অরুণোদয়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যু টালিউডের শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি সামনে এনে দিয়েছে। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা ও প্রযোজকরা একজোট হয়ে এই কর্মবিরতির ডাক দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে কার্যত স্তব্ধ হয়ে যায় পুরো টালিগঞ্জ স্টুডিওপাড়া।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে