Views Bangladesh Logo

অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যুর তদন্তভার সিআইডিকে দেওয়ার সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভার অবশেষে রাজ্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেওয়া হচ্ছে। মৃত্যুর প্রায় আড়াই মাস পর এই চাঞ্চল্যকর মামলার মোড় ঘুরল।

সংশ্লিষ্ট সূত্র মতে, সম্প্রতি অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে সিআইডির কাছে নথি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্তভার সিআইডির কাছে বুঝিয়ে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে রাহুল অরুণোদয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ওড়িশা সরকার একটি বিশেষ তদন্ত টিম গঠন করেছিল। পশ্চিমবঙ্গ সরকার এখন ওড়িশার সেই তদন্তকারী টিমের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা করে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে শুটিং সেটে অভিনয় শিল্পীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেছে যে, শুটিং সেটে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি বজায় না রাখার কারণে বা চরম গাফিলতির ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ওড়িশার বিশেষ তদন্ত টিমও সেটে কোনো ধরনের গাফিলতি বা নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে।

অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, শ্বাসরোধ হওয়ার কারণেই রাহুলের মৃত্যু হয়েছে এবং তদন্তকারী টিমও বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে শরীরে বড় ধরনের কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকায় এই মৃত্যুকে ঘিরে প্রথম থেকেই রহস্য দানা বাঁধে এবং এর গভীরে গিয়ে তদন্তের দাবি জোরালো হয়।

তদন্তের পরিধি এখন কেবল দুর্ঘটনা বা গাফিলতিতেই সীমাবদ্ধ নেই, বরং তা অভিনেতার জীবন বীমা পলিসি বা ইন্সুরেন্স পর্যন্ত গড়িয়েছে। রাহুলের পরিবারের স্পষ্ট অভিযোগ, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে ‘আর্থিক প্রতারণা ও জালিয়াতি’ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।

পরিবারের করা এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিনেতার ব্যবসায়িক অংশীদার শুভ শঙ্কর কানুনগোকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিআইডি এখন এই আর্থিক লেনদেন ও খুনের মোটিভ খতিয়ে দেখবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ