র্যাব বিলুপ্ত করে হচ্ছে এসআরবি, আইনের খসড়া অনুমোদন
বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে আইনটির খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিদ্যমান র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা। নতুন এই ইউনিটের কাঠামো ও কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হবে।
আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটটির বিরুদ্ধে ওঠা অভিযোগ নির্দিষ্ট প্রক্রিয়ায় নিষ্পত্তির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ ছাড়া র্যাবের বিদ্যমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। অর্থাৎ র্যাবের বিদ্যমান কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ ও প্রশাসনিক বিষয়গুলো নতুন ইউনিটের অধীনে স্থানান্তর করা হবে।
নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারা-সংক্রান্ত বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে এসআরবির নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একটি ধারাবাহিকতা বজায় থাকবে।
মতামত দিন