Views Bangladesh Logo

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। ধর্মীয় এ উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানস্থলে অতিরিক্ত সদস্যের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ সদস্য।

নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হয়েছে।

নাশকতা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিতর্কিত ও উসকানিমূলক কর্মকাণ্ডের ওপরও নজরদারি রাখা হচ্ছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী পোস্ট ঠেকাতে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।

র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদযাপনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ