Views Bangladesh Logo

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

 VB  Desk

ভিবি ডেস্ক

১৫ আগস্ট ঘিরে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন করেছে। সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো গোষ্ঠী যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র‍্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে এসএসএফ, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।

আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স ও ইনফরমার নিয়োগের পাশাপাশি অনুষ্ঠানস্থলে যাতায়াতের বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র‍্যাব সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠন, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর কেউ যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করেছে র‍্যাব। বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ