Views Bangladesh Logo

জন্মাষ্টমী ঘিরে সকাল থেকে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মন্দির, পূজামণ্ডপ ও বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের গুরুত্বপূর্ণ মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল বাড়ানোর সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে আলাদা নিরাপত্তা পরিকল্পনা করেছে।

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও সম্ভাব্য হুমকি শনাক্তে গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে। জন্মাষ্টমীর আয়োজনকে কেন্দ্র করে কোনো চরমপন্থী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা অন্য কোনো পক্ষ যাতে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও বিশেষ নজর রাখছে র‍্যাব।

উৎসবে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। একই সঙ্গে জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ঘিরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। শোভাযাত্রার সামনে, পেছনে ও দুই পাশে পর্যাপ্ত র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ ফোর্সও।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে র‍্যাব। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধেও নজরদারি অব্যাহত রেখেছে র‍্যাব। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উসকানিমূলক পোস্ট, মন্তব্য, ছবি ও অন্যান্য কনটেন্ট শনাক্ত করে সেগুলোর বিস্তার ঠেকাতে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ