Views Bangladesh Logo

চট্টগ্রামে ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানে বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অভিযানে মোট ২২ হাজার ৬৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে র‍্যাব-৭, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন।

অভিযানের অংশ হিসেবে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকায় রাত ১০টার দিকে একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার তেল জব্দ করা হয় এবং গুদাম মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।

এরপর রাত দেড়টার দিকে পঞ্চলাইশ থানার শোলশহর ২ নম্বর গেট এলাকায় আরও দুটি গুদামে অভিযান চালিয়ে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়।

অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ