ডেমরা-কদমতলীতে পুলিশের লুট হওয়া টিয়ার শেল ও রিভলবার উদ্ধার
রাজধানীর ডেমরা ও কদমতলীতে পৃথক অভিযানে পুলিশের লুট হওয়া চারটি কাঁদানে গ্যাসের (টিয়ার শেল) গ্রেনেড, একটি রিভলবার ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত স্থান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ৫ মিনিটে ডেমরা থানার মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোডসংলগ্ন পাঁচ কাঠা জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
এরপর রাত দেড়টার দিকে কদমতলী থানার জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ হিসেবে এসব উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা থাকায় সরকার সেগুলো উদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।
উদ্ধার করা টিয়ার শেল, রিভলবার ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন