সিলেটে ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত, আটক ১
সিলেট নগরে পুলিশের অভিযানে সহায়তা করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইমন আচার্য নামে র্যাব-৯ এর এক সদস্য। শুক্রবার (২২ মে) দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত আসাদ উল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
র্যাব-৯ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন আচার্য। পরে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তবে অভিযুক্তের পরিচয় নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে র্যাব ও পুলিশ। র্যাব তাকে ‘ছিনতাইকারী’ হিসেবে উল্লেখ করলেও পুলিশ বলছে, তিনি একজন মাদক ব্যবসায়ী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, কিনব্রিজ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক সেবন ও বিক্রি করছিল। পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, ঘটনাস্থলে সাদা পোশাকে ছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। তিনি এক মাদক ব্যবসায়ীকে ধরে ফেললে ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে