ছাত্র আন্দোলনে প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি র্যাব: মুখপাত্র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে র্যাবের একজন সদস্যও আত্মগোপনে যাননি, বা পালিয়েও যায়নি।
তিনি বলেন, র্যাবে ৮টি বাহিনী থেকে সদস্য আসে। র্যাবের ১০ হাজার সদস্যের মধ্যে প্রায় ৪৪ ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে। আমাদের কোনো সমস্যা ছিল না।
তিনি আরও বলেন, শুরুতে আমরা যেমন একসঙ্গে ছিলাম, শেষ পর্যন্ত একে অপরের পাশে দাঁড়িয়েছিলাম। অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু আমাদের র্যাব বাহিনী কখনোই কোনো সমস্যায় পড়েনি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পর্যায়ে পুলিশের ১৮৭ জন সদস্য এখনো তাদের কর্মস্থলে যোগ দেননি বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে। র্যাবের মতো বিজিবিও বলছে, তাদের কোনো সদস্য নিখোঁজ নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে