র্যাবের অভিযানে শাবিপ্রবির ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে র্যাব-৯ ও ১৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খলিলুর রহমান নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি। তিনি কোতোয়ালি থানায় দায়ের করা একাধিক নাশকতা মালার এফআইআরভুক্ত আসামি।
এ ব্যাপারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, র্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ইতোমধ্যে সিলেট কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে