রেলের নিরাপত্তায় র্যাবের ডগ স্কোয়াড
বিএনপি-জামায়াত ও সমমনাদের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে ট্রেনে নাশকতার ঘটনায় একাধিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে রাজধানীর কমলাপুর স্টেশনে র্যাব-৩-এর অধিনায়ক কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রেলপথের নিরাপত্তা রক্ষায় ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।
র্যাব-৩-এর অধিনায়ক বলেন, 'রেলের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণভাবে ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হবে। বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি। রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ নেওয়া হবে।'
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস, মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেস, টাঙ্গাইলে একটি কমিউটার ট্রেন এবং ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে কর্নেল আরিফ সাংবাদিকদের বলেন, 'মানুষের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে নিরাপত্তা জোরদার করছে র্যাব।'
গত ২৮ অক্টোবর থেকে বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলো সরকারবিরোধী আন্দোলন করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকালী বাহিনীর ধারণা, এই আন্দোলন ও সহিংসতার ঘটনাগুলো মাঝে সংযোগ রয়েছে।
গত মঙ্গলবার তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় মা-শিশুসহ চারজনের মৃত্যু ঘটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে