খুলনায় অস্ত্রসহ ‘খবির বাহিনী’র প্রধান গ্রেপ্তার
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত দল ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লাকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দিঘলিয়ার জংগুশিয়া গ্রামের বাসিন্দা ও কাউসার মোল্লার ছেলে খবির মোল্লাকে আটক করে র্যাব। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়না কুড়াল জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়।
র্যাব জানায়, খবির একজন পেশাদার সশস্ত্র ডাকাত এবং এই অঞ্চলে সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের অভিযুক্ত নেতা। তার অপরাধ রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, খুলনা ও নড়াইলের বিভিন্ন থানায় দায়ের করা ১৩টি মামলার আসামি তিনি, যার মধ্যে রয়েছে হত্যা, সশস্ত্র ডাকাতি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ।
অভিযান শেষে অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত অস্ত্রসহ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
মতামত দিন