আজ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন কোটা আন্দোলনকারীরা
চলমান কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সারাদেশে পুলিশ, ছাত্রলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে বুধবার (১৭ জুলাই) দুপুরে সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সোয়া ১২টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সমন্বয়করা বলেন, আজকে (মঙ্গলবার) পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল ১৭ জুলাই দুপুর ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে।
এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করা এবং ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীকে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসার অনুরোধ জানান সমন্বয়করা।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকাল দিনভর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন তিন শিক্ষার্থী, একজন পথচারী ও একজন ব্যবসায়ী। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে