Views Bangladesh Logo

গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: সিপিডি

গণভোটের বিদ্যমান কাঠামো ও সংশ্লিষ্ট অধ্যাদেশের দুর্বলতার কারণে ফলাফল নিয়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচনী এলাকায় সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন এবং ইশতেহারের মাধ্যমে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। তবে বাস্তবতার নিরিখে জাতীয় নির্বাচন যে মাত্রায় অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন, সে অর্থে নির্বাচনকে পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না।

গোলাম মোয়াজ্জেম আরও বলেন, গণভোটের কাঠামো ও সংশ্লিষ্ট অধ্যাদেশে যেসব সীমাবদ্ধতা রয়েছে, তার কারণে গণভোটের ফলাফল নিয়েও গ্রহণযোগ্যতার প্রশ্ন দেখা দিতে পারে। এ প্রেক্ষাপটে সিপিডির পক্ষ থেকে মনে করা হচ্ছে, এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।

নির্বাচনী ইশতেহার বিশ্লেষণ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সিপিডিসহ বিভিন্ন থিংক ট্যাংক সাধারণত রাজনৈতিক দলগুলোর ইশতেহার নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকে। কী ধরনের ইশতেহার প্রয়োজন, দলগুলোর ইশতেহারের মধ্যে পার্থক্য এবং কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত—এসব দিক তুলে ধরা হয় এসব আলোচনায়।

মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, সিপিডির গবেষণায় সারা দেশের পরিবেশ ও দুর্যোগপ্রবণ ১৫০টি নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে অংশ নিয়েছেন ৪৫০ জন সংসদ নির্বাচনের প্রার্থী ও ১ হাজার ২০০ জন ভোটার। জরিপের ফলাফলের মাধ্যমে নির্বাচনী এলাকায় ‘সবুজ সমাজ’ গঠনের বর্তমান পরিস্থিতি ও ভোটারদের প্রত্যাশার চিত্র তুলে ধরা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ