সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্নফাঁস শনাক্ত করা হবে: শিক্ষামন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্নফাঁস শনাক্ত করা হবে। এছাড়া পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে পরীক্ষার খাতা দেখতে পর্যাপ্ত সময় দেয়ার পাশাপাশি পরীক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে।
তবে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘রেন্ডম স্যাম্পলিং’-এর মাধ্যমে পরীক্ষকদের যাচাই করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ফেরানোর অঙ্গীকার করে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টা টিকতে পারবে না। এছাড়া পাবলিক পরীক্ষা আইন-১৯৮১ সংশোধনের কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
কোচিং সেন্টার প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, কোচিং সেন্টারের কোনো স্বীকৃতি নেই। সরকারের কাছে কোচিং সেন্টারের কোনো তালিকাও নাই।
পরীক্ষার সময় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এবারের পরীক্ষার পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে