শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কাঙ্ক্ষিত মানের শিক্ষা নিশ্চিত করা যায়নি: শিক্ষামন্ত্রী
দেশে এখনো শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত মানের শিক্ষা নিশ্চিত করা যায়নি।
শনিবার (৯ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন করপোরেশন ফোরাম-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল-কলেজ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি রয়েছে। এ কারণে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা হাতে নিচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক এবং ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। সংখ্যার দিক থেকে পিছিয়ে না থাকলেও শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা কোয়ালিটি এডুকেশন দিতে ব্যর্থ হচ্ছি।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু বছর শেষে পরীক্ষা দেওয়াই শিক্ষা নয়; শ্রেণিকক্ষে নিয়মিত ও কার্যকর পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে নতুন কারিকুলাম, সিলেবাস ও একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের কাজ শুরু করেছে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
চীনের শিক্ষাব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে প্রায় ১৬ হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করছে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে