Views Bangladesh Logo

ফের সচল কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ

 VB  Desk

ভিবি ডেস্ক

কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলকভাবে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত নিজেদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এই তিন দেশ আবার তাদের আকাশপথ উন্মুক্ত করেছে।

কুয়েত ও বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আকাশপথ পুনরায় চালু করা হয়েছে। একইসঙ্গে বিমানবন্দর কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতও।

এর আগে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কর্তৃপক্ষ আকাশপথ বন্ধ করে দেয়। ইরান নিশ্চিত করেছে, তারা ইরাক ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

দেশটির সশস্ত্র বাহিনীর বিবৃতিতে জানানো হয়, ‘ইয়া আবা আবদুল্লাহ আল হুসেইন’ সাংকেতিক নামে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কাতারের আল-উদেইদ ঘাঁটিতে ‘বিশারাত ফাতেহ’ নামের অভিযানে বিধ্বংসী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, কাতারের আল-উদেইদ ঘাঁটিতে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরান দাবি করেছে, গত সপ্তাহে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তবে কাতার নিশ্চিত করেছে, ইরান থেকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও মাত্র একটি ঘাঁটিতে আঘাত হেনেছে।

হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘হোয়াইট হাউস এবং তাদের মিত্রদের প্রতি আমাদের বার্তা সুস্পষ্ট। ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর কোনো আগ্রাসন বরদাস্ত করা হবে না।’

বিবৃতিতে আরও জানানো হয়, এই অভিযান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্বে পরিচালিত হয়েছে।

হামলার সময় কাতারের রাজধানী দোহা ও উপকণ্ঠ লুসাইলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইলের দৃশ্য দেখা গেছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় ব্যবহৃত বোমার সংখ্যার সমান। হামলার লক্ষ্যবস্তু ছিল কাতারের নগর এলাকা এবং আবাসিক অঞ্চল থেকে অনেক দূরের সামরিক ঘাঁটি।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ১৪টি বোমা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর কয়েক মিনিট আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ‘বিশারাত ফাতেহ’ ও ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

তাসনিম জানায়, এই হামলায় একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। একইসঙ্গে আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে। আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, এই প্রথমবারের মতো কোনো হামলায় এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ