Views Bangladesh Logo

বাংলাদেশি নারীদের ক্রীড়া উন্নয়নে সহায়তা দেবে কাতার ফাউন্ডেশন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে সহায়তা এবং ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কাতার ফাউন্ডেশন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ‘আর্থনা সামিট’-এ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি এ ঘোষণা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন চারজন বাংলাদেশি জাতীয় ক্রীড়াবিদ—দুইজন নারী ক্রিকেটার ও দুইজন নারী ফুটবলার। তারা বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এক সময়ের শীর্ষ কাতারি ক্রীড়াবিদ শেখা হিন্দ তাদের দৃঢ়তা ও সংগ্রামের প্রশংসা করেন।

নারী ক্রীড়াবিদদের জন্য ডরমিটরি, জিম ও প্রশিক্ষণ কেন্দ্রের মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবের কথা শুনে শেখা হিন্দ জানান, বাংলাদেশে এসব সুবিধা পরিচালনার জন্য একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় কাতার ফাউন্ডেশন সহায়তা করবে।

ড. ইউনূস বলেন, ‘এই ফাউন্ডেশন খুব শিগগিরই প্রতিষ্ঠা করা হবে।’ তিনি কাতার ফাউন্ডেশনকে ডরমিটরি, প্রশিক্ষণ মাঠ, চিকিৎসা সেবা ও বিদেশি অতিথিদের থাকার জায়গা নির্মাণে সহযোগিতার অনুরোধ জানান।

এ উদ্যোগের আওতায় সার্ক, বিমসটেক, আসিয়ান, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের গ্রামীণ এলাকার নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষ কোর্সও চালু করা হবে।

এ ছাড়াও, অবসরে যাওয়া ক্রীড়াবিদদের উদ্যোক্তা হওয়ার পথে সহায়তা করতে একটি সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের প্রস্তাব দেন ইউনূস। শেখা হিন্দ এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন।

এর আগে অধ্যাপক ইউনূস কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন ও আমিরের মা শেখা মোজা বিনতে নাসেরের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শেখা মোজা শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ