Views Bangladesh Logo

সবুজবাগে কাতারপ্রবাসীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে একটি আবাসিক ভবনে একদল দুর্বৃত্তের হামলায় সিফাত উল্লাহ (৩০) নামের কাতারপ্রবাসী এক যুবক খুন হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সবুজবাগের আদর্শপাড়া এলাকার বড়াইতলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিফাতের বন্ধু মো. হাসান জানান, সিফাত সম্প্রতি কাতার থেকে দেশে ফেরেন এবং তিনি যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সিফাত তার এক নারী বন্ধুর সঙ্গে দেখা করতে সবুজবাগের বড়াইতলা এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে যান। দুপুর ৩টার দিকে এক দল লোক ওই ফ্ল্যাটে ঢুকে সিফাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই ভবনের পাশের একটি ভবন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে চারজনকে ওই বাসায় ঢুকতে ও বের হতে দেখা গেছে। তাঁদের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা ওই ভবনে পাঁচ থেকে ছয় মিনিট অবস্থান করেন।

তিনি আরও জানান, ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ওই নারীকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ